নিজস্ব প্রতিবেদক | ১৮ অক্টোবর, ২০১৭
এবছর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে সিলেটের ৭টি সংগঠন। শীর্ষ ৫০ টি সংগঠনের মধ্যে সিলেট বিভাগের এই ৭ টি সংগঠন রয়েছে। তরুণদের বিভিন্ন সৃজনশীল, উদ্ভাবনী ও সাংগঠনিক কর্মকান্ডকে উৎসাহ প্রদানে ২০১৫ সাল থেকে ইয়ং বাংলা নামের একটি সংগঠন এই অ্যাওয়ার্ড প্রদান করে। যা তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
সিলেট বিভাগের সাতটি সংগঠনের মধ্যে ৫টিই সিলেট জেলার, আর বাকী দুইটি মৌলভীবাজারের। এগুলো হচ্ছে- সিলেটের ইনোভেটর বই পড়া উৎসব, ইচ্ছেপূরণ সামাজিক সংগঠন,কাকতাড়ুয়া (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), স্বেচ্ছাসেবী সংগঠন কিন (শাবিপ্রবি), পরিবেশবাদী সংগঠন প্রাধিকার, থিয়েটার মুরারিচাঁদ এবং মৌলভীবাজারের উত্তরণ ও মানবসেবামূলক সংগঠন প্রত্যয়।
সম্প্রতি সেরা ৫০-এর নাম ঘোষণাকালে উদ্যোক্তা সংগঠনের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি নসরুল হামিদ বিপু বলেছেন, ‘ইয়ং বাংলা যখন তার কার্যক্রম শুরু করে তখন লক্ষ্য ছিলো তরুণদের জন্য এক প্লাটফর্ম তৈরি করা। বর্তমানে আমাদের সঙ্গে সংযুক্ত আছে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। আমাদের লক্ষ্য দেশের ৪ কোটি তরুণকে এই প্লাটফর্মের সঙ্গে সংযুক্ত করা।’
এবার ১৩০০ আবেদন থেকে ৫০ জনকে বাছাই করা হয়েছে বলে জানান তিনি।
ইয়ং বাংলার আহ্বায়ক সাংসদ নাহিম রাজ্জাক বলেন, আগামী ২০ ও ২১ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাছাইকৃত ৫০ জনের মধ্য থেকে ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেবেন সজীব ওয়াজেদ জয়।
এই ৫০ জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন ১০০ জন তরুণ। তাদের নিজের প্রতিষ্ঠানগুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলারও সুযোগ পাবেন তারা। এরপর ২১ অক্টোবর বাছাইকৃত ৫০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নিজ হাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
২০১৪ সালে তারুণ্যের প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ইয়ং বাংলা। নীতি-নির্ধারকদের কাছ পর্যন্ত তরুণদের চাওয়া-পাওয়া পৌঁছে দেয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর এ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের সবার কাছে পরিচিত করে তোলার জন্য কাজ করে যাচ্ছে ইয়ং বাংলা।