গোলাপগঞ্জ প্রতিনিধি | ২০ অক্টোবর, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ি দখল করতে আসা দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিডহর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উপর বারকোট গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে শাহিন আহমদ (৩৭) এবং অপরজন হলো বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া মালি গ্রামের বাবুল আহমদের ছেলে সায়িদ আহমদ (৩৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে প্রবাসী ইমাম উদ্দিন ও মানিক মিয়ার মধ্যে অনেক দিন থেকে বাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের এই বাড়িটি ইমাম উদ্দিনের দখলে ছিল। ওইদিন মানিক মিয়ার পক্ষে বাড়ি দখল করতে ঘরে তালা ভেঙ্গে প্রবেশ করে আটককৃতসহ ৪/৫ জন ভাড়াটে সন্ত্রাসীরা। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা জড়ো হয়ে তাদের ধরে গণধোলাই দেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের সাথে থাকা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের সাথে থাকা আরো ২/৩ জন সন্ত্রাসী পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. ফজলুল হক শিবলি।