Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে অটোরিকশা শ্রমিকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটের জাফলং রাধানগরে এক ব্যবসায়ী কর্তৃক সিএনজি অটোরিকশা চালকের উপর হামলার প্রতিবাদের ঘটনায় সংঘর্ষে ৩ অটোরিকশা চালক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। হামলায় আহতদের উদ্ধার করে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী পরিবারের সদস্যদের হাতে ৫টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এসময় বিক্ষোব্ধ সিএনজি শ্রমিকরা গোয়াইনঘাট- রাধানগর সড়ক অবরোধ করে মিছিল দিতে থাকে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ডে অফিসার এস,আই বদিউজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার জাফলং রাধানগরে এ ঘটনা ঘটে। হামলায় আহত শ্রমিকরা হলেন সিএনজি চালক লুনিগ্রামের মরতুজ আলীর ছেলে কামরুল ইসলাম,সিএনজি চালক ছোটখেল গ্রামের ইব্রাহিম আলীর ছেলে নজমুল ইসলাম, সিএনজি চালক আলমনগর গ্রামের আব্দুস শহিদের ছেলে সোহেল আহমদ।

স্থানীয় বাউরভাগ গ্রামের বাসিন্দা রাধানগর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার ছেলেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকরা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় অটোরিকশার এক যাত্রীর হাতে থাকা টিফিন ক্যারিয়ার ব্যবসায়ী মোহাম্মদ আলীর উপর পড়ে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই অটোরিকশার চালক কামরুলকে  মারপিট করেন। এ ঘটনায়  শ্রমিকরা বিক্ষোভ করলে সেখানে হামলা ও শ্রমিকদের মারপিট করেন ঐ ব্যবসায়ীর ছেলেরা। এসময় তারা রাধানগর বাজারে অবস্থানরত ৫টি সিএনজিতে ভাংচুর করেন বলে শ্রমিকরা অভিযোগ করেন। পরে শ্রমিকরা জাফলং-রাধানগর সড়ক অবরোধ করে মিছিল দিতে থাকে।

শ্রমিক নেতা আলীম উদ্দিন জানান, কোন কারণ ছাড়াই আমাদের সিএনজি শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমাদের সিএনজি ভাংচুর শ্রমিকদের আহত করেছে।

এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জানান, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। শুক্রবার সকালে আমাদের জেলা নেতৃবৃন্দ আসার পর আমরা আইনগত উদ্যোগ নিবো।

গোয়াইনঘাট থানার সেকেন্ডে অফিসার এসআই বদিউজ্জামান জানান, ঘটনার পর পর আমরা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.