Sylhet Today 24 PRINT

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে ১৯ দেশের প্রবাসীদের নিয়ে এনআরবি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৭

সিলেটে সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের পর্দা উঠছে আজ (শনিবার)। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ওইদিন বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। সম্মেলনে ১৯টি দেশের প্রায় আড়াই হাজার প্রবাসী অংশ নেবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (বিবিসিসিআই) যৌথ উদ্যোগে এ কনভেশনের আয়োজন করেছে। এ উপলক্ষে সকাল ১০টায় নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

২৭ অক্টোবর পর্যন্ত চলা মেলার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বিনিয়োগ সংক্রান্ত সেমিনার, আইসিটি, পর্যটন ও শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা, বাংলাদেশের অর্থনীতিতে এনআরবি’দের অবদান শীর্ষক মতবিনিময় সভা, এনআরবি’দের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কনভেনশনের বিভিন্ন সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্টজনেরা উপস্থিত হবেন।

সিলেট চেম্বারের একটি সূত্র জানায়, সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইটালী, সুইডেন, জার্মানী, হল্যান্ড, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.