নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০১৭
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী, তাই সদস্য সংগ্রহের গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে নারীরা। এছাড়া দ্বিতীয় টার্গেট হচ্ছে নতুন ভোটাররা। নতুন ভোটার ও নারী ভোটারদেরকে দলের সদস্য করতে হবে। অফিসে বসে সদস্য ফরম পূরণ বা কাউকে সদস্য করা যাবে না। ঘরে-ঘরে, গ্রামে-গ্রামে গিয়ে মানুষকে আওয়ামী লীগের সদস্য করতে হবে। কোন চিহ্নিত সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী অপশক্তি, চিহ্নিত চাঁদাবাজ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।
শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত দলের সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
কর্মী সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।