Sylhet Today 24 PRINT

গ্রহণযোগ্য ব্যক্তিকেই সিলেটের মেয়র পদে মনোনয়ন দেব : কাদের

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সিলেটের মানুষের কাছে যিনি সবচেয়ে গ্রহণযোগ্য তাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেব। আমরা দলের প্রার্থীদের খবর নিচ্ছি। বিরোধীদেরও খবর নিচ্ছি। মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া-ঝাটি করা যাবে না। মনে রাখতে হবে আমাদের প্রতীক হচ্ছে নৌকা, আমাদের সকলকে নৌকার জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সংসদ নির্বাচনেও আমরা একইভাবে প্রার্থী মনোনয়ন দেব। জনগণের কাছে যিনি অধিকতর গ্রহণযোগ্য তিনিই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত দলের সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.