Sylhet Today 24 PRINT

টানা বর্ষণে দুর্ভোগ

শাহ শরীফ উদ্দিন |  ২১ অক্টোবর, ২০১৭

নিম্নচাপের প্রভাবে শনিবার দিনভর সিলেটজুড়ে বৃষ্টি হয়েছে। রাতেও ছিলো প্রকোপ। এতে বিপর্যস্ত হয়ে পড়ে নগরজীবন। আজ রোববারও সিলেটে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ভোর থেকেই সিলেটে শুরু হয় বৃষ্টি। শুক্রবার থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার ছিলো অবিরাম  বর্ষণ। সকাল থেকে মধ্যরাত অবধি ছিলো বৃষ্টির প্রকোপ। এতে ব্যাহত হয়েছে নগরীর স্বাভাবিক কার্যক্রম। নগরীর কয়েকটি রাস্তায়ও জমেছে পানি। এছাড়াও নগরীর বেশির ভাগ রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ কাজ চলায় এসব রাস্তায় বৃষ্টির কারণে তৈরি হয়েছে কাদা। যার ফলে মানুষে স্বাভাবিক চলাচল কিছুটা বিঘ্ন হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলে নিম্নচাপের প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আরও একদিন সিলেটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে হেটে বাড়ি ফিরছিলেন আয়শা রহমান নামের ব্লুবার্ড স্কুলের এক শিক্ষার্থী। তিনি বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকালে রিকশায় আসার সময় অনেকটা ভিজে গেছি। আর এখন রিকশা পাইনি। কাদার মাঝেও হেটে যাচ্ছি।

মিরাবাজার এর বাসিন্দা আরমান আহমদ বলেন, আমার পরিবার নিয়ে দূর সম্পর্কে এক ভাগনের বিয়েতে যাওয়ার কথা ছিলো। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টির কারণে যাওয়া সম্ভব হয়নি।

সরেজমিনে ঘুরে দেখা যায় নগরীর মদিনা মার্কেট, ফাজিলচিশত, উপশহরসহ বিভিন্ন এলাকার কিছু কিছু রাস্তায় কিছুটা পানি জড়ো হয়েছে। এছাড়াও সংস্কার কাজ চলমান মিরের ময়দান-সুবিদবাজার রাস্তা, চৌহাট্টা-মিরবক্সটুলা রাস্তায় বৃষ্টির পানিতে কাদা তৈরি হয়ে যেমন জান চলাচল বিঘ্ন হচ্ছে তেমনই জনসাধারণদের চলাচলেও অনেকটা সমস্যা হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ‘নিম্নচাপের প্রভাবে সিলেটে রোববারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.