নিজস্ব প্রতিবেদক | ৩০ মে, ২০১৫
পাবলিক পরীক্ষার ফলাফলে সবার তলানীর অবস্থানটি একসময় সিলেটের জন্য প্রায় বরাদ্ধ করাই ছিলো। গত কয়ে বছরে সে অবস্থার পরিবর্তন ঘটে। এই আশাব্যঞ্জক পরিবর্তন ঘটে সিলেটের শিক্ষাক্ষেত্রে। দেশের সকল বোর্ডের মধ্যে একাধিকবার শীর্ষস্থানও অর্জন করে সিলেট। তবে টানা উন্নতির পর এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আবার পিছিয়ে পড়েছে সিলেট।
এবারের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) ৮১ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে দেশের ৮ শিক্ষাবোর্ডের মধ্যে সবার পেছনে অবস্থান সিলেটের। আর ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড।
আজ শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকায় পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ, বরিশালে ৮৪ দশমিক ৩৭ শতাংশ, কুমিল্লায় ৮৪ দশমিক ২২ শতাংশ ও চট্টগ্রামে ৮২ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। দিনাজপুর বোর্ডে ৮৫ দশমিক ০৫ শতাংশ ও যশোরে ৮৪ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডের গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। তবে এবার মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে।
এতে দেখা যায়, দেশের ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। এদিক থেকে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।