নিজস্ব প্রতিবেদক | ৩০ মে, ২০১৫
নগরীর পাঠানটুলার করেরপাড়া থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককেও আটক করেছে পুলিশ।
আটক আব্দুল কাদের জানান, দুমাস আগে পাঠানটুলার করেরপাড়া সুফিয়া মঞ্জিল ৩৮/ ১ বাসা ৪র্থ তলায় ৪ সদস্যের এক পরিবার আসে বাসা ভাড়া নিবে বলে। যথারীতি তাদের পরিচয় জানার পর তাদের বাসার ৪র্থ তলা ভাড়া দেয়া হয়। সদস্যের মধ্যে ছিল দুজন পুরুষ ও দুজন নারী। শুক্রবার বিকেলে বাসার পুরুষ সদস্য মির্জা বেড়াতে যাওয়ার কথা বলে তিন জন বের হয়ে যান।
শনিবার সকালে এই বাসায় গিয়ে দরজা খোলা ও ঘরের ভেতরে গিয়ে এক নারী মাটিতে পড়ে আছে দেখতে পান বলে জানান কাদের। এসময় সে অনেকবার তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া না পেলে সে ঘর থেকে বেরিয়ে আসে এবং ৮ ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমানকে বিষয়টি অবহিত করলেন।
কাউন্সিলর খবর পেয়ে জালালাবাদ থানায় বিষয় জানান। পরে দুপুর ২টার দিকে কাউন্সিলর ও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার আব্দুল কাদেরকে আটক করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থা দেখে ধারণা করা যাচ্ছে যে নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।