Sylhet Today 24 PRINT

৭৮ শতাংশই গণিতে ফেল!

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৫

এবারের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হওয়ায় পাশের হার কমেছে সিলেট শিক্ষাবোর্ডে। মোট অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে কেবল গণিতে ফেল করেছে ৭৮ শতাংশ শিক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, গত বছর সিলেটে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ। এবার তা কমে ৮১ দশমিক ৮২ শতাংশে নেমেছে। গতবার ৩ হাজার ৩৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

এ বোর্ডে এসএসসিতে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ৪৬ শতাংশ;  আর জিপিএ-৫ কমেছে ৮৮৯টি।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, এসএসসিতে এবার সিলেট বোর্ডের অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধমাত্র গণিতে পাশ করতে পারেনি ১০ হাজার ১৭৭ জন । আর বাকি  বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছে মাত্র ২ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

শনিবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশের সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, “প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় খারাপ ফলই সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।"

গণিতে এই ফল বিপর্যয়ের কারন হিসেবে মফস্বলের স্কুলগুলোতে গণিত শিক্ষকের স্বল্পতাকে দায়ী করে তিনি বলেন এর মূল কারণ, সব স্কুলে প্রশিক্ষিত গণিত শিক্ষকের স্বল্পতা রয়েছে। শহরের স্কুলগুলো গণিতে ভাল ফল করলেও গ্রামের স্কুলগুলোতে এ বিষয়ে বেশি হারে ফেল করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরোও বলেন, “এবার প্রথমবারের মতো গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রথমবারের মত এ প্রক্রিয়া শুরু করতে গিয়ে আমরা ধাক্কা খেয়েছি।

পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও হরতালকেও সার্বিক ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দায়ী করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.