Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ ৩জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৭

খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘুমন্ত অবস্থার শিক্ষিকার ছবি তোলে তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষিকার স্বামী সুবিনয় চন্দ্র মল্লিক এ অভিযোগ পত্রটি জকিগঞ্জ থানায় দাখিল করেন।

থানায় দাখিলকৃত অভিযোগ পত্রে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ ছাড়া অন্য যে দুজনের নাম রয়েছে তারা হলেন, উপজেলার গেছুয়া গ্রামের নূর উদ্দিন নুরাই মিয়ার ছেলে কেএম মামুন (৪০), ভরণ খাদিমবাড়ী গ্রামের রুমান উদ্দিনের ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের কর্মচারী মুন্না আহমদ (২৬)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, খলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপ্তি রানীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিক্ষিকার স্বামী সুবিনয় চন্দ্র মল্লিক থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি অভিযোগ দাখিল করেছেন। তবে এখনো কোন মামলা হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি আরো বলেন, অভিযোগ পত্রটি হাতে আসার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সিলেটের জকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্টের দায়িত্ব পালনের সময় স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বিদ্যালয় পরিদর্শন করতে গেলে তার মোবাইল ফোন দিয়ে সঙ্গে থাকা লোকজন ওই ছবি তোলেন। ওই সময় দীপ্তি বিশ্বাস অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন তার স্বামী। শিক্ষিকার এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.