Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা রায়হানের বিরুদ্ধে এবার চেক জালিয়াতির মামলা

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ অক্টোবর, ২০১৭

সিলেট জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর বিরুদ্ধে এবার চেক জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার সিলেট মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ মামলাটি দায়ের করেন নগরীর মিরাপাড়ার বাসিন্দা রুহুল আমিন।

বাদী আইনজীবী প্রবাল চৌধুরী পূজন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হান চৌধুরীর বিরুদ্ধে ৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে রায়হানের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন রুহুল আমিন। আদালত মামলা (নং১৪২৭/১৭) গ্রহণ করে রায়হানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলা বাদী অভিযোগ করেন, এবছরের শুরুতে নগরীর মিরাপাড়া এলাকায় ২০ লাখ টাকার চুক্তি জমি ক্রয় করেন রায়হান চৌধুরী। ৪টি কিস্তিতে এই টাকা পরিশোধের চুক্তি হয়। সে অনুযায়ী রায়হান প্রথমে ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
কিন্তু চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা পরিশোধের জন্য তিন দফা রায়হান চৌধুরীর কাছে আইনী নোটিশ প্রদান করেন বাদী। এতে কোনো জবাব না পেয়ে তিনি মামলা দায়ের করেন বলে জানান।

এরআগে গত ১৮ অক্টোবর নগরীর শাহপরান থানায় ছাত্রলীগ নেতা ওমর আলী মিয়া হত্যার অভিযোগে রায়হান চৌধুরীসহ ১০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়। গত ১৬ অক্টোবর নগরীর টিলাগড়ে আভ্যন্তরীন কোন্দলের জেরে খুন হন ছাত্রলীগ কর্মী মিয়াদ।

হত্যা মামলা দায়েরের পর গত ১৮ অক্টোবর রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.