Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পেলোডার দিয়ে ১০টি বোমা মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৭

গোয়াইনঘাটে পিয়াইন নদীর কান্দু বস্তি এলাকায় পেলোডার দিয়ে ১০টি বোমা মেশিন ধ্বংস করেছে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর ৩টায় শুরু হওয়া অভিযান চলে সন্ধ্যা ৫টা পর্যন্ত।

এ যাবৎ কালের সবচেয়ে আলোচিত এ অভিযানে পেলোডার দিয়ে ১০টি বোমা মেশিন ধ্বংস করা ছাড়াও ২৫টি বোমা মেশিন ও তার সরঞ্জামাদি ভাংচুর করে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে তার অবস্থান আরো জোরালো করলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বজিৎ কুমার পাল।

শুধু তাই নয় চলমান এ অভিযানে প্রথম বারের মতো গোয়াইনঘাটের কোন নির্বাহী অফিসার হিসাবে তার ফেইসবুকে লাইভে ছিলেন তিনি। তার এই অভিযান গোটা এলাকায় পাথর খেকোদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এছাড়াও ১০টি মেশিন ধ্বংস ও ২৫টি বোমা মেশিন ও তার সরঞ্জামাদি ভাংচুরের পাশাপাশি তিনি পাথর উত্তোলনে জড়িতদের অনতিবিলম্বে আশপাশে ফেলে রাখা সবকটি বোমা মেশিন অপসারণের নির্দেশ দেন। অভিযান পরিচালনা কালে এসময় পুলিশ বিজিবির অর্ধশতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১০ বছরেরও বেশি সময় ধরে জাফলংয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র পাথর উত্তোলন করে আসছে। সরকারী ভাবে মাসে একাধিকবার শুধু অভিযান হয়েই আসছে কিন্তু স্থায়ী ভাবে জাফলংয়ের ধ্বংস লীলা বন্ধ হচ্ছে না। জাফলংকে ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকেল এরিয়া) ঘোষণা করা হলেও রহস্য জনক কারণে প্রশাসন জাফলং রক্ষায় আশানুরূপ ফলাফল প্রদর্শিত হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.