বড়লেখা প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০১৭
শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
তিনি বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা রিসোর্স সেন্টার ও সাগরনাল ইউনিয়নের কলাবাড়ি বাজার থেকে আলীপুর ৭৫০ মিঃ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ও তৃতীয় প্রাইমারি শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) প্রকল্পের আওতায় উপজেলা রিসোর্স সেন্টার নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৫১৪ টাকা ও আইআরডিপি-২ প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে ৩৬ লাখ ২০ হাজার ৮৪৮ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের শান্তির জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিন। পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, শফিক উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ জালাল উদ্দিন, উপজেলা প্রৌকৗলশী মো. আব্দুল মতিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস প্রমুখ।