Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, রাগীব আলী ও তাঁর ছেলের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ অক্টোবর, ২০১৭

সিলেটের তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছে আদালত। ফলে পিতা-পুত্রের জামিন আদেশ বহাল থাকলো।

বৃহস্পতিবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন বলে জানান রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  রাষ্ট্রপক্ষের আবেদনে রাগীব আলী ও তাঁর ছেলের জামিন স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। আজ পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিলেন। ফলে এই মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন বহাল থাকলো।

এরআগে গত ২৯ আগস্ট হাইকোর্টের অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে রাগীব আলী ও আবদুল হাইকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এই আবেদনেল শুনানি শেষে ৩০ আগস্ট জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রাষ্ট্রপক্ষের এই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেন পূর্ণাঙ্গ বেঞ্চ। বৃহস্পতিবার রাগীব আলীর পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মনসুরুল হক ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান।

মামলার সূত্রে জানা যায়, দেবোত্তর ওই সম্পত্তি আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরির অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন সহকারী কমিশনার (ভূমি)। এ মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন। রায়ে চারটি ধারায় তাদের ১৪ বছরের কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাদের ছয় বছর কারাদণ্ড হয়েছে।

এই দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। যা শুনানির অপেক্ষায় রয়েছে।

এর আগে গত ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী ও গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে গ্রেপ্তার হন আবদুল হাই। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.