জগন্নাথপুর প্রতিনিধি | ২৭ অক্টোবর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাটলি ইউনিয়নের এরালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- উপজেলার পাটলি ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত কাছন খাঁনের ছেলে সুহেল খাঁন'র ভাগনা মামুন ও পাশ্ববর্তী কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর (মামনপুর) গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে রুমেলের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মামুন স্থানীয় এরালিয়া বাজারে আসলে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এখবর বাজার এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে অবস্থিত মামুনের মামা ব্যবসায়ী সুহেল খাঁন ঘটনাস্থলে ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন চড়াও হয়ে তার উপরও হামলা চালায়।
এতে সুহেল খাঁন (৪২), ফারুক খাঁন গেদু (৩৫) ও সালিশি আব্দুল কাদির(৩০)সহ অন্তত ৫জন আহত হয়েছেন। তাঁদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুহেল খাঁন অভিযোগ করেছেন তার কাছে থাকা একটি স্মার্টফোন ও নগদ প্রায় ৫০হাজার টাকা প্রতিপক্ষের লোকজন নিয়া যায়।
এঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এব্যাপারে পুলিশ কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নেয়া হচ্ছে বলে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন।