সিলেটটুডে ডেস্ক | ২৭ অক্টোবর, ২০১৭
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের আয়োজনে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে দেশের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিক ছাড়াও ভারতের মণিপুর ও ত্রিপুরার খ্যাতনামা মণিপুরী কবি-সাহিত্যিকরা অংশ নেবেন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, এসসি সিনহা-নীলিমা ট্রাস্ট্রের চেয়ারম্যান এডভোকেট এস সি সিনহা, ত্রিপুরা পাবিøসারর্স গিল্ডের সেক্রেটারি রঘুনাথ সরকার, মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সাধারণ সম্পাদক এল বীরমঙ্গল সিংহ। অনুষ্ঠানে মণিপুরী সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য দিল্লী সাহিত্য একাডেমী এওয়ার্ডি কবি শরতচান্দ থিয়ামকে ‘নীলিমা এসসি সিনহা পদক ২০১৭’ প্রদান করা হবে।
সম্মেলনে সেমিনার পর্বে ‘বাংলাদেশে মণিপুরী সাহিত্য-চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি শেরাম নিরঞ্জন। সাংস্কৃতিক পর্বে মণিপুরী নৃত্য পরিবেশন করবে একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট (এমকা)।