Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ‘মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে’ আত্মজৈবনিক উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  |  ৩০ মে, ২০১৫

‘মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে’ উপন্যাসের প্রকাশনা ও স্মরণ অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গলে। শুক্রবার বিকেল ৫টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক আনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো শিক্ষক ও লেখক রাজকুমার সিংহ রচিত ‘মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে’ উপন্যাসের গ্রন্থ প্রকাশ ও মৈত্রেয়ী স্মরণ অনুষ্ঠান।

লেখক পিতা রাজকুমার সিংহ রচিত আত্মজৈবনিক এই উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তা এবং আমন্ত্রিত অতিথিদের প্রায় সকলেই কেঁদেছেন। যে মৈত্রেয়ীকে নিয়ে এই গ্রন্থ সেই মৈত্রেয়ী গত বছরের ২৯ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমায়। পিতার সর্বোচ্চ চেষ্ঠা সত্বেও দুরারগ্য ব্যধির কাছে হার মানতে হয় মৈত্রেয়ীকে। অনুষ্ঠানে মর্মস্পর্শী এই ঘটনার বর্ননা দিতে গিয়ে চোঁখে জল আসে আলোচকদের। সেই বেদনাগাথায় আবেগাপ্লুত হন হলভর্তি শ্রোতা।

প্রবীণ শিক্ষক ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়াও গ্রন্থ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, অধ্যক্ষ শামস্ উদদীন আহমদ, অধ্যাপক হীরেন্দ্র শেখর রায় চৌধুরী, লেখক ও সহকারি অধ্যাপক ড. এস.এ. মুতাকাব্বির মাসুদ, দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ এবং কমলগঞ্জের লেখক ও সমালোচক আহমদ সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক অবিনাশ আচার্য, মৈত্রেয়ী স্মরণে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক কাওছার ইকবাল, লেখক পরিচিতি পাঠ করেন সাংবাদিক অনুজ কান্তি দাশ।

এছাড়া ‘মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে’ গ্রন্থ থেকে পাঠ করেন অধ্যাপক কমলকলি চৌধুরী, জলি পাল ও শিক্ষক অনিতা দেব। সরকারি চাকুরিজীবি ও সাহিত্যপ্রেমী দেবাশীষ চৌধুরী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বক্তব্য রাখেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজসেবক জহর তরপদার।

এই অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট থেকে আগত শিক্ষক, লেখক, সাহিত্যিক, ছাত্র-ছাত্রী, এডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সংস্কৃতিকর্মী, সমাজসেবক, সাংবাদিক, ব্যবসায়ি, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.