Sylhet Today 24 PRINT

‘উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিতে আছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, জীবনযাত্রার মান বেড়েছে এবং সব ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে বিএনপির কাছে ক্ষমতায় থাকা অবস্থায়, দেশে লুটপাট আর নিজেদের সম্পদের পাহাড় গড়া। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ হয় সন্ত্রাসী ও ভিক্ষুকের দেশ। দেখা দেয় খাদ্যের অভাব। কিন্তু আওয়ামীলীগ সরকার, দেশের সম্মান ও মর্যাদা ফিরিয়ে এনেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রা রুখতে পারবেনা। উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে সকল নির্বাচনে বিজয় নিশ্চিত করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন শেখ হাসিনাকে উপহার দেয়ার লক্ষে কাজ শুরু করতে হবে।

তিনি আরো বলেন, সুযোগ বুঝে প্রতিক্রিয়াশীল চক্র আবার মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা আগুণ সন্ত্রাসী খালেদা জিয়ার নেতৃত্বে যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য আওয়ামীলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

কর্মী সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুস শুকুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও প্রচার সম্পাদক হারুনুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাবীবুর রহমান, যুগ্ম সম্পাদক মো: লায়েক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ কাজল, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, সহ-দফতর সম্পাদক মাছুম আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক বিমল কুমার চন্দ, আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ, মুক্তিযোদ্ধা বাবুল আখতার, ইসলাম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সহিদ আলী, মুক্তিযোদ্ধা আতিক উদ্দিন, আতাউর রহমান চুনু, ছাত্রলীগ নেতা সিদ্দিক আহমদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.