Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মানব পাচারকারী অভিযোগে গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধি  |  ৩০ মে, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাটে মানব পাচারের অভিযোগে আব্দুল আলী (৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোবরখলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল আলীর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে গোবরখলা গ্রামের আইয়ুব আলীর ছেলে মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, আব্দুল আলী ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ ওই এলাকায় বেশ কয়েকজ যুবককে সাগরপথে মালয়েশিয়া পাঠিয়েছে। তার প্রতারণায় এসব পরিবারে এখন শোকের মাতম। শনিবার আব্দুল আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় হবিগঞ্জের ২৪ যুবক নিখোঁজ রয়েছেন। এখনও তাদের পরিবার নিশ্চিত নন, আদৌ তারা বেঁচে আছেন কি-না। কার ভাগ্যে কি ঘটেছে তারও নিশ্চিত খবর কারো জানা নেই। জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ ও চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর সন্তানদের বিদেশে ভাগ্য পরিবর্তনের প্রলোভন দেখায় দালাল চক্র। তাদের মিষ্টি কথায় সহজেই বিশ্বাস আনে গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলো।

এ সুযোগে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ২৪ যুবককে বাগে আনে তারা। দুই আড়াই মাস আগে তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাঠিয়ে পরে প্রত্যেকের পরিবারে বিভিন্ন সময় চাপ দিয়ে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আদায় করে নেয় তারা।

হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে অভিভাসন প্রত্যাশী নিখোঁজ যুবকরা হলো গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সুলেমান  মিয়ার পুত্র আব্দুল বাছির, সুন্দর আলীর পুত্র জামাল, বাল্লা গ্রামের মরফত উল্লাহ’র পুত্র মতলিব মিয়া, আশরাফ উল্লাহ’র পুত্র সেলু মিয়া, জমির আলীর পুত্র লাভলু মিয়া, গোবরখলা গ্রামের মজিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক, খেলু মিয়ার পুত্র গাজীপুর হাই  স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশকৃত রাসেল মিয়া, আঞ্জব আলীর পুত্র গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ মুকতাজিল, দিলু মিয়ার পুত্র জসিম, দিঘীরপাড় গ্রামের আব্দুল হাই’র পুত্র জসিম, গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের ময়না মিয়া, বড়জুস গ্রামের সাইফুল মিয়া, বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র জমির আলী ও শের আলীর পুত্র সমুজ আলী, বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন রোডের প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ির রশিদ আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম জুসেদ, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগের তিনকোশা মহল্লার মোঃ নোমান চৌধুরী ও গোপী চন্দ্র চন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.