Sylhet Today 24 PRINT

কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে ‘উপেক্ষিত’ সিটি মেয়র!

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৭

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার সিলেট জেলা ও মহানগর পুলিশ নগরীতে পৃথক কর্মসূচীর আয়োজন করে। তবে এসব কর্মসূচীর কোনটিতেই আমন্ত্রন জানানো হয় নি সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে।

আরিফুল হক চৌধুরীর দাবি, তাকে উপেক্ষা করেছে পুলিশ প্রশাসন। মেয়রকে উপেক্ষার মাধ্যমে নগরবাসীকেও উপেক্ষা করেছে পুলিশ।

শনিবার জেলা ও নগরীর প্রতিটি থানার উদ্যোগে পুলিশং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হলেও উপেক্ষিত ছিলেন নগরকর্তা আরিফ। এর আগেও কয়েকটি সরকারি অনুষ্ঠানে মেয়রকে আমন্ত্রন না জানানো বা গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সু শাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠান। জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে মেয়রকে শুধু দাওয়াত না, অতিথি করা উচিত ছিল। মেয়রকে অবহেলার অর্থ হলো নগরবাসীকে অবহেলা করা।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হলেও সিলেট সিটি কর্পোরেশনের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকেই উপেক্ষার বিষয়টি গতকাল আলোচিত ছিল সচেতনমহলে।

নগরীর রিকাবী বাজারস্থ পুলিশ লাইনস মাঠ ছাড়াও এসএমপি তিন ভাগে বিভক্ত হয়ে পালন করে কমিউনিটি পুলিশিং ডে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষকে দাওয়াত করা হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে এসএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন জানান, দাওয়াতের বিষয়টি তার দায়িত্বে ছিল না। দাওয়াতের বিষয়টি দেখেছেন ডিসি সদর ও ডিসি উত্তর।

জানতে চাইলে উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ কোনো মন্তব্য করতে চাননি। দাওয়াতের দায়িত্বে তিনি ছিলেন জানিয়ে বলেন, দাওয়াত না দেওয়ার কোনো কারণ নাই আসলে, দেওয়া হয়নি আরকি!

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিরোধী দলের মেয়র হওয়ার কারণেই হয়তো পুলিশের উর্ধতন কর্মকর্তারা দাওয়াত দেননি। তবে সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত জন প্রতিনিধিকে  দাওয়াত না করা মানে আমার জনগণকে অবহেলা-অবজ্ঞা করা ছাড়া আর কিছু নয়।

তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.