Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে হাসপাতাল নির্মাণে অনিয়মের অভিযোগ সাংসদ এহিয়ার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৭

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্যায় উন্নীতকরণ কাজে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই হাসপাতালের নতুন নতুন ভবনের নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের পাথর, ফাইলিয়য়ের ভাঙ্গা ডাস্ট, প্রত্যেকটি জানালায় ব্যবহার করা হচ্ছে।

 শনিবার (২৮অক্টোবর) বিকেলে প্রকৌশলী শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ নিজ দলের নেতাদের নিয়ে রামপাশা ইউনিয়নের কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের হাসপাতাল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেন, পাথর, বালি, ডাস্ট তো আছেই, ফিলারের রডের সাথে যেভাবে রিং দেওয়ার কথা সেভাবে দেওয়া হয়নি। ৫ থেকে ৬ ইঞ্চি পর পর রিং দেওয়ার কথা থাকলেও সেখানে ১২থেকে ১৬ইঞ্চি পর পর দেওয়া হয়েছে ওই রিং। এছাড়াও কাঁচের জানালায় ব্যবহৃত গ্রীলের এঙ্গেল ৩এমএম’র পরিবর্তে ১.৫এমএম ব্যবহার করা হয়েছে। এমনকি বিভিন্ন জানালা মেপে দেখা গেছে ১ইঞ্চি করে কম রয়েছে। অনিয়মের পাশাপাশি কাজটিতে ব্যপক দূর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন এমপি এহিয়া।

এমপি এহিয়া আরও অভিযোগ করেন, তিনি এলাকার লোকজনের অভিযোগ যাচাইয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং অনিয়মের সত্যতা পান। পরবর্তিতে শনিবার সকাল ১০টায় অনিক ট্রেডিং কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রকৌশলীদের উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি। কিন্তু গতকাল শনিবার হাসপাতালে উপস্থিত না থেকে আরও তার বিরুদ্ধে নানা অপপ্রচার করছে ঠিকাদারী ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নির্মাণ কাজের সহকারী ইঞ্জিনিয়ার অঞ্জন মন্ডল বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধতন প্রকৌশলীদের সঙ্গে মতামতের ভিত্তিতেই পাথর ব্যবহার করা হচ্ছে। আর ফাইলিংয়ের ডাস্ট দিয়ে শুধু নিচ ঢালইর কাজ করা হচ্ছে। এছাড়াও গ্রীলের এঙ্গেলসহ সম্পুর্ন কাজ  উর্ধতন প্রকৌশলীদের নির্দেশেই যাবতীয় নির্মাণ কাজ চলছে।

এদিকে হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংসদের ছোটভাই ও সিলেট জেলা পরিষদ সদস্য সহল আল্-রাজী চৌধুরী, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন, উপজেলা জাপা নেতা হাজী সিতাব আলীসহ নিজ দলের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় ১১কোটি ২৯লাখ টাকায় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণসহ আরও ৪টি ভবন নির্মাণ কাজ চলছে। ২০১৬ সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর এরই মধ্যে মেডিকেল অফিসার ডরমেটরি ভবন, ক্লাস-টু ডরমেটরী,  অফিসার ডরমেটরি ভবন ও নার্স ডরমেটরি ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.