কুলাউড়া প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৭
মৌলভীবাজারের কুলাউড়ায় রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করা হয়েছে। শনিবার লাল পতাকা মিছিল, মুক্তআলোচনা, গণসঙ্গীতসহ সারাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ওইদিন অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালিত হয়।
রবিরবাজার শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। আব্দুল মালিকের সভাপতিত্বে ও এম এ আহাদের পরিচালনায় বিকেলের আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও সাংবাদিক হালিম আজাদ, এডভোকেট তবারক হোসেন, সিপিবি মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার সাংগঠনিক সম্পাদক চিত্ররঞ্জন দেব, উপজেলা ছাত্র ইউনিয়নের সম্পাদক ফয়জুর হক প্রমুখ।
‘মেহনতি জনতা এক হও, শ্রেণীসংগ্রাম গড়ে তোল, লুটেরা পুঁজিবাদী সমাজ ভেঙ্গে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করো’ এই শ্লোগানে আয়োজিত অক্টোবর বিপ্লবের শতবর্ষ বার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাজমা বানু, সিনিয়র প্রভাষক মাজহারুল ইসলাম, কমরেড প্রশান্ত দেব ছানা, কলেজের শিক্ষার্থী তাসমিয়া চৌধুরী নিশাত, বিউটি, সুস্মিতা, অঞ্জনা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মননা স্মারক তুলে দেওয়া হয় এবং পরে শিল্পীদের দীপ্ত কণ্ঠে শ্রমিক-মজুরর অধিকার আদায়ের গণসংগীত পরিবেশিত হয়।