জগন্নাথপুর প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটে নিলুফা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মইয়া হাওরের পার্শ্ববর্তী কলইকাটার ডহর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিলুফা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের শরীফ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে খাগাউড়া গ্রামে যাচ্ছিল শালদিগা গ্রামের তোতা মিয়ার নৌকাটি। নৌকায় অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে কলইকাটার ডহর এলাকায় পৌঁছালে মোড় নেওয়ার সময় নৌকাটির একপাশ কাত হয়ে ডুবে যায়।
এ সময় নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিলুফা ডুবে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং নিলুফার লাশ তার পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে।