Sylhet Today 24 PRINT

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে র‌্যালি, শিক্ষা গ্রহণে বাধার সৃষ্টি

তাহিরপুর প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বেশিরভাগ স্কুলে ক্লাস বন্ধ রেখে ঘণ্টার পর ঘণ্টা র‌্যালি ও সমাবেশে অংশ নিচ্ছে নানা বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে করে দীর্ঘ সময় র‌্যালিতে অংশ নেওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে অধিকাংশ ছাত্র-ছাত্রীরা। এছাড়াও শিক্ষা গ্রহণে সৃষ্টি হচ্ছে ব্যাপক বাধা।

এভাবেই আজ রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিলিত হয়।

এ সময় মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তুরিন আক্তার (১০) হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার আধঘণ্টা পর সে সুস্থ হয়। অসুস্থ ছাত্রী উপজেলার উজান তাহিরপুর গ্রামের ফারুক মিয়া মেয়ে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, শুধু সরকারী কোন অনুষ্ঠানই নয় বিশেষ করে এই উপজেলায় বেসরকারি এনজিও সংস্থা ইরা, ওয়াটার এইড, ওয়ার্ল্ড ভিশন, কেয়ার বাংলাদেশ, ওক্সর্ফাম সহ সকল সংস্থার কোন সভা-সমাবেশ বা কোন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেই উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের র‌্যালীতে অংশ গ্রহণ করতে বাধ্য করা হয়।

ঐ সব র‌্যালিসহ যেকোন প্রকার র‌্যালিতে কোন ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণ করা সরকারী নিয়ম বহির্ভূত কাজ বলে জানান উপজেলার সচেতন মহল।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক আলমগির খোকন বলেন, এটা কেমন কথা কোন অনুষ্ঠান হলেই দেখি উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টেনে আনেন স্কুলের ক্লাস বন্ধ করে উপজেলার সকল এনজিও সংস্থা গুলোসহ সবাই। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। এই উপজেলায় অহরহ এই রকম ঘটনা ঘটছে। তা খুবেই দুঃখ জনক।

নাম প্রকাশে বিভিন্ন স্কুলের এক শিক্ষক জানান, আমরা কি করব আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগন বলেন তাই আমরা নিজেরা সাথে থেকে উপজেলার বিভিন্ন র‌্যালিতে বা অনুষ্ঠানে অংশ গ্রহণ করি ক্লাস বন্ধ করে।

এদিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান, আমাদের স্কুলের শিক্ষকগন বলেন র‌্যালিতে অংশ গ্রহণ করার জন্য তাই আমরাও ক্লাস বন্ধ করে র‌্যালিতে অংশ নেই। অংশ নেওয়ার পর একটি কেক, কলা বা সিঙ্গারা দেওয়া হয়।

ওয়াল্ড ভিশন প্রোগ্রাম অফিসার চিপ তাপস চিসিম বলেন,আমরা শুরুতে ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যান্য এনজিও সংস্থার সাথে মিলে র‌্যালীতে অংশ গ্রহণ করতাম এখন আমরা ছাত্র-ছাত্রীদের দিয়ে র‌্যালী করি না।

তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইয়িদ জানান, জনস্বার্থে ও শিক্ষামূলক কোন অনুষ্ঠান হলে আমাদের কাছে চাওয়া হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই স্কুলের ছাত্র-ছাত্রীদের র‌্যালিতে অংশ গ্রহণ করার অনুমতি দিয়ে থাকি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূনেন্দ্র দেব বলেন, এই বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.