Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করে ফেরার পথে দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ যুবক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলাজুড়ে শোকের মাতম বইছে। সড়ক দুর্ঘটনায় এলাকার ছয় যুবক নিহত হওয়ার ঘটনায় উপজেলার বিভিন্ন গ্রামে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌর শহরের জামান প্লাজার রুপসী ফ্যাশনের সত্ত্বাধিকারী মাথিউরার রেজাউল করিম, শখ কসমেটিকস এর স্বত্বাধিকারী ছোট দেশের খায়রুল বাশার খান খয়ের, মতিন ক্লথ ষ্টোর এর সত্ত্বাধিকারী শ্রীধরার জুবের আহমদ, কাকরদিয়ার ব্যবসায়ী ইকবাল হোসেন, কসবার রোটার‌্যাক্ট বাবুল আহমদ, গাড়ি চালক বাবুল আহমদ।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন আগে ব্যবসায়ী রেজাউল, খয়ের, জুবের, ইকবালসহ আরো দু’জন একটি প্রাইভেট নোহা গাড়ি নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। সেখানে পৌছে তারা অসহায় রোহিঙ্গাদের মধ্যে কম্বল বিতরণ করেন। জনসেবামূলক এ কার্যক্রম শেষে তারা কক্সবাজারে ঘুরাঘুরি করেন। রোববার রাতে তারা কক্সবাজার থেকে ওই প্রাইভেট গাড়ি নিয়ে ফিরছিলেন। গাড়িটি নরসিংদীর পাঁচদোনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে যাওয়া একটি বড় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নোহার উপরে ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

একই গাড়িতে জামান প্লাজার হাফিজ ক্লথ ষ্টোরের মালিক হাফিজ উদ্দিন এবং মতিন ক্লথ ষ্টোরের জসীম উদ্দিন নামের আরো একজন ছিলেন বলে জানা গেছে। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে তারা দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন।

এদিকে রোটার‌্যাক্ট বাবুল আহমদ কক্সবাজারে সংগঠনের একটি সেমিনারে অংশ নিতে অপর আরো চার সহযোগীসহ সেখানে যান। ফেরার পথে তিনি তার পরিচিত ব্যবসায়ীদের সাথে একই নোহায় ফিরছিলেন বলে জানান রোটার‌্যাক্ট লিজন আহমদ বাবলু।

অপর রোটার‌্যাক্ট এবং বাবুলের সঙ্গে কক্সবাজার যাওয়া ছালেখ হোসেন বলেন, রোববার সকালে বাবুল আমাদের সঙ্গ ছেড়ে ওই ব্যবসায়ীদের সাথে বাড়ি ফিরবে বলে বের হয়। রাত ৩টার দিকে সে ফোনে তার এক বন্ধুর সাথে শেষ কথা বলে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানার ওসির সাথে যোগাযোগ করেছি।

এদিকে ৬ জনের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০টা বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আসাদুজ্জামান বলেন, সিলেট জেলা প্রশাসক ও নরসিংদী জেলা প্রশাসক স্যারদের সাথে আমাদের আলাপ হয়েছে। আমি নিজে স্যারদের অনুরোধ করছি, ময়নাতদন্ত না করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ বিয়ানীবাজার পাঠানোর জন্য। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে আশ্বস্থ করেছেন তারা মরদেহ দ্রু সময়ের মধ্যে পাঠাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.