Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ যুবকের জানাজায় মানুষের ঢল

বিয়ানীবাজার প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ছয় যুবকের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় জানাজায় মানুষের ঢল দেখা যায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আলী। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই সাথে ৬ জন নিহতের ঘটনা বিয়ানীবাজারে এই প্রথম হওয়ায় বিষাদের ছায়া নেমে এসেছে সর্বত্র। বিয়ানীবাজারের ব্যবসায়ীসহ হাজারো মানুষ চোখের জলে চিরবিদায় জানান তাদের প্রিয় মানুষদের।

উল্লেখ্য, সোমবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার মাধবদী থানার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় বিয়ানীবাজারগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ১৬-০২৫২) সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে নিহত হন বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার কসমেটিক্স ব্যবসায়ী ও মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা খায়রুল বাশার খান (৩৪), কাপড় ব্যবসায়ী ও মাথিউরা ইউনিয়নের মাথিউরা পূর্বপাড়ের বাসিন্দা রেজাউল করিম (৩২) কাপড় ব্যবসায়ী ও পৌর এলাকার শ্রীধরা গ্রামের বাসিন্দা জুবের আহমদ (৩২), মরটিন কয়েল’র ডিলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিন ইকবাল (৩১), পৌর এলাকার কসবা গ্রামের বাবুল হোসেন (৩০) ও খাসা গ্রামের গাড়ি চালক বাবুল আহমদ (৩১)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.