Sylhet Today 24 PRINT

বিপিএলের টিকেট যাচ্ছে কোথায়?

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৭

মঙ্গলবার থেকে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর টিকিট বিক্রি। তার আগের রাতে থেকেই টিকিট বিক্রিস্থল জেলা স্টেডিয়ামের সামনে ভিড় করেন হাজারও টিকিট প্রত্যাশী। প্রথমদিন টিকেট বিক্রি শুরু হওয়ার দু ঘন্টা পর জানানো হয় ৪ তারিখের টিকেট শেষ। মঙ্গলবার আবারো রাত থেকে টিকে প্রত্যাশিদের লাইন। বুধবার সকালে টিকেট বিক্রির কয়েক ঘন্টা পর জানানো হল ৫ তারিখের টিকেটও নেই। ক্ষুব্ধ টিকেট প্রত্যাশিদের প্রশ্ন- এতো টিকেট যাচ্ছে কোথায়?

সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১৮ হাজারের কিছু বেশি। এতো টিকেট কিভাবে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে- এমন প্রশ্ন তাদের।
শুরু থেকেই বিপিএল সিলেট পর্বের টিকেট বিক্রি নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। বুধবার এ অভিযোগ আরো পোক্ত হয়েছে। ক্ষুব্ধ টিকেট প্রত্যাশিরা ভাংচুর করে জেলা স্টেডিয়ামের টিকেট বুথ। ভেঙ্গেছেন জানালার গ্লাস। পুলিশ এসময় নির্বিচারে লাঠিচার্জ করে। বন্ধ হয়ে যায় টিকেট বিক্রি।

টিকেট না পেয়ে সিলেট জেলা স্টেডিয়ামে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার ২-৩ ঘন্টায় হাজার দু’এক টিকেট বিক্রির পর কাউন্টার বন্ধ করে দেয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়ানোর টিকেট প্রত্যাশীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় তারা কাউন্টার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে জুতাও ছুড়ে মারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। দর্শকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের লাঠিচার্জে টিকেট প্রত্যাশীরা একসময় স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন।

অভিযোগ রয়েছে কাউন্টারে বিক্রি না করে বিপিএল সংশ্লিষ্ট কর্মকর্তারা কালোবাজারে টিকেট বিক্রি করে দেন। মঙ্গলবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দিয়ে ২০০ টাকার টিকেট ১২০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে।

সিলেট জেলা স্টেডিয়ামের ১নং কাউন্টারে টিকেট বিক্রির দায়িত্বে থাকা জাকির হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘পর্যাপ্ত টিকেট রয়েছে। সবাই টিকেট পাবেন।’ কিন্তু এর মিনিট দশেক পরেই তিনি জানিয়ে দেন, ২শ’ ও ৩শ’ টাকার টিকেট শেষ হয়ে গেছে! এই স্বল্প সময়ে টিকেট কি করে শেষ হয়ে গেল, এর কোনো সদুত্তর তার কাছে ছিল না।

সূত্র জানায়, মঙ্গলবার থেকে টিকেট বিক্রির কথা থাকলেও এর আগেই কয়েক হাজার টিকেট কালোবাজারিদের হাতে চলে যায়। shohoz.com, surjomukhi.com.bd, gadgetbangla.com এই তিনটি ওয়েবসাইটেও মঙ্গলবারের আগেভাগেই টিকেট ছাড়া হয়। সাধারণ মানুষ কিছু জানার আগেই একটি চক্র সেসব টিকেট উচ্চমূল্যে বিক্রির জন্য আগেভাগেই কিনে রাখে।

জেলা স্টেডিয়াম এলাকা ঘুরে টিকেট কালোবাজারিদের হাতে যাওয়ার সত্যতা মিলে। বুধবার বেশ কয়েকজন যুবককে ২শ’ টাকার টিকেট ১২শ’ টাকায়, ৩শ’ টাকার টিকেট ১৫শ’ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে এসব যুবকদের কেউই নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এমনকি তারা কি করে টিকেট পেলেন, এ প্রশ্নের উত্তরও এড়িয়ে যান।

অভিযোগ আছে ব্যাংকের মাধ্যমে টিকেট বিক্রি করা হলে কালোবাজারিদের হাতে যাওয়ার সম্ভাবনা কম ছিল। সেজন্যই ব্যাংকে টিকেট বিতরণের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়েছে।

এদিকে, কালোবাজারি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও উচ্চমূল্যে টিকেট বিক্রি করছে।'

এ ব্যাপারে বিপিএলের সিলেট ভেন্যুর মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, প্রতিটি ম্যাচের জন্য ১৫ হাজার টিকিট করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার করে টিকিট ফ্র্যাঞ্চাইজিদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। বাকীগুলো সাধারণ দর্শকদের মধ্যে বিক্রি হবে। তবে টিকেট বিক্রির বিষয়টি বিসিবি তৃতীয় পক্ষের কাছে দিয়ে দিয়েছে। তারা বিষয়টি দেখছে। সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.