সিলেটটুডে ডেস্ক | ০২ নভেম্বর, ২০১৭
নারীদের সাংস্কৃতিক সংগঠন ‘শতভিষা’র আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে আগামী ৩ নভেম্বর (শুক্রবার)। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মঞ্চস্থ করা হবে নাটক ’নারীপুরাণ’।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ‘শতভিষা’র লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যা ৬টায় মোস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় মঞ্চায়িত হবে নাটক ’নারীপুরাণ’।
সংগঠনটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘শতভিষা’ সেই সাংস্কৃতিক আঙ্গিনা যেখানে নারীরা হাতে হাত রেখে চলবে. কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, উচ্চকন্ঠে সমস্বরে তুলে ধরবে তাদের আনন্দ বেদনার অনুভূতি ও নিজেদের ন্যায্য অধিকারের কথা। সামগ্রিকভাবে নারীর ব্যক্তি অধিকার প্রতিষ্ঠা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, বৃত্ত ভেঙ্গে সমাজের সব ক্ষেত্রে নারীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণই ‘শতাভিষা’ এর লক্ষ্য।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থেকে সংগঠনটির পথচলায় অনুপ্রাণিত করতে ‘শতভিষা’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।