নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০১৭
সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে ৯কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৪৩২ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৩ হাজার ৩০৬ জন, নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ২৪ জন এবং রিটার্ণ দাখিল করেন ৫০৮ জন করদাতা।
বিভাগের অন্যান্য জেলাসহ এদিন সিলেট কর অঞ্চলের মোট কর আদায়ের পরিমাণ ১০কোটি ১২ লাখ ২১হাজার ১৭৪ টাকা। বিভাগ জুড়ে মেলায় সেবা পেয়েছেন ৫২৩১। রিটার্ণ দাখিল করেন ৭৮৭ জন এবং নতুন ইটিআইএন দেওয়া হয় ৪০ জনকে।
সিলেট কর অঞ্চলের মধ্যে ২ নভেম্বর থেকে শুরু হওয়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় ৪ দিন ব্যাপী কর মেলার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
মৌলভীবাজার জেলায় মেলার দ্বিতীয় দিনে ১৩লাখ ৫১ হাজার ৮৬৬ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৪১ জন, নতুনভাবে করের আওতায় এসেছেন ১১জন, রিটার্ণ দাখিল করেছেন ১৪২ জন।
সুনামগঞ্জ জেলায় মেলার দ্বিতীয় দিনে ১১ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৯৮৪ জন, নতুন ইটিআইএনভূক্ত হয়েছেন ৫ জন, রিটার্ণ দাখিল করেছেন ১৩৭ জন করদাতা।
গত ১নভেম্বর উদ্বোধনী দিনে ২কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৪৫৩ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৪৩ জন এবং ৫০ জনকে নতুন ইটিআইএন প্রদান করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবার মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্ণার। "আমি একজন গর্বিত করদাতা" স্লোগানে সেলফি কর্ণারে সেলফি তুলবেন আগন্তকরা। সেই সঙ্গে মেলায় অভ্যর্থনা ডেস্কে থাকবে প্লেট ভর্তি চকলেট। সেবা গ্রহীতারা নিজের ইচ্ছামতো প্লেট থেকে চকলেট নিতে পারবেন।
নভেম্বর পর্যন্ত মেলায় ২শ' কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। মেলা থেকে ৪৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বলেন তিনি। উপ কর কমিশনার কাজল কুমার সিংহ জানান, আয়কর মেলায় এবার ১৮টি স্টল বসানো হয়েছে। এরমধ্যে রিটার্ন গ্রহণ বুথ ৭টি, একটি করে সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবী বুথ রয়েছে। কর কমিশনার কর্ণার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, দু'টি ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র। এছাড়া একটি মিডিয়া বুথ করা হয়েছে। যেখানে বসে সাংবাদিকরা মেলার সংবাদ সংগ্রহ ও কাজ করতে পারবেন।