সিলেটটুডে ডেস্ক | ০৫ নভেম্বর, ২০১৭
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশে শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শিক্ষার মাধ্যমেই সমৃদ্ধ দেশ গড়া হবে। একুশ শতকের পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানে সকল ক্ষেত্রেই পরিবর্তন আসবে। তাই আমাদেরও পেছনের দিকে হাঁটলে চলবে না। সামনের দিকে এগোতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর আলোকবর্তিকা। জ্ঞানের মশাল হাতে এগিয়ে চলাই হোক তোমাদের প্রত্যয়।
শনিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেটস্থ ছাতক সমিতির কৃতি শিক্ষার্থী ও সফল জনক-জননী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী জনপদ ছাতকও এগিয়ে যাচ্ছে। ছাতক-দোয়ারায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য ২টি কলেজ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ১৭টি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব বের হবে।
সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুর রহমান ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে সফল জনক-জননী সম্মাননা ও পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী।