সুনামগঞ্জ প্রতিনিধি | ০৫ নভেম্বর, ২০১৭
জালিয়াতির মাধ্যমে সুনামগঞ্জ জেলা জজ আদালতের হিসাব শাখা থেকে অগ্রক্রয় মামলার প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বারের দুই আইনজীবী ও তৎকালীন হিসাব রক্ষককে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃত দুই আইনজীবী হলেন- মাজহারুল ইসলাম ও মোহাম্মদ রেজাউল করিম এবং তৎকালীন হিসাব রক্ষক বেনু চন্দ্র রায়। রোববার বিকাল সাড়ে ৩ টায় জেলা ও দায়রা জজের নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ ওই তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আদালতের হিসাব শাখা থেকে বিভিন্ন অগ্রক্রয় মামলার প্রায় ১৮ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্ত আইনজীবী মাজহারুল ইসলাম বলেন,‘আমি একজন আইনজীবী হিসাবে কেবল দরখাস্ত করেছি। পরবর্তীতে টাকা উত্তোলন করে পক্ষকেই প্রদান করেছি। এখন দেখা যায় মামলার মীমাংসা হয়নি এবং জারিকারক আব্দুছ ছোবহান জালিয়াতির মাধ্যমে ভুল মানুষকে পক্ষ করে আমাকে এই অপকর্মের সঙ্গে যুক্ত করেছেন।’
আরেক অভিযুক্ত আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার, আমাকে হিসাব শাখার জারিকারক কৌশলে ব্যবহার করেছেন। স্বাক্ষর নিয়ে ২ লাখ ৩১ হাজার টাকার চেক আমার ব্যাংক হিসাবে জমা দিয়েছেন, কিন্তু টাকা তিনিই নিয়েছেন।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলা ও দায়রা জজ মহোদয়ের নির্দেশে দুই আইনজীবী ও একজন হিসাব রক্ষককে আটক করা হয়েছে। আটককৃতরা এখন পুলিশ হেফাজতে রয়েছে। জজ সাহেবের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’