চুনারুঘাট প্রতিনিধি: | ০৫ নভেম্বর, ২০১৭
হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় তানজিম আহমদ দিনার (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার ১ নং মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও রঘুরামপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মো. আলমগীর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ২ টার দিকে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক (যশোহর-ঢ-৪১-০০২৮) শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে অপর আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা স্কুল ছাত্র দিনারকে চাপা দেয়। তখন সময় ট্রাক চালক গাড়ীকে থামিয়ে পালিয়ে যায়। দিনারের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকসহ দুটি ট্রাক ভাংচুর করে।
খবর পেয়ে আধা ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে এসে চাকার নিচ থেকে দিনারের মৃত দেহ উদ্ধার করে। পরে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে যান চলাচলের ব্যবস্থা করে।