হবিগঞ্জ প্রতিনিধি | ৩১ মে, ২০১৫
এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস নিতু এক এসএসসি পরীক্ষার্থী।
জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজের ওই ছাত্রী শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও গণপূর্ত বিভাগের টেকনিশিয়ান এম এ মতিনের বড় মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জান্নাতুল ফেরদৌস নিতু এ বছর জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১১ পায়। তার সহপাঠীদের চেয়ে জিপিএ কম পাওয়ায় সে মুষড়ে পড়ে। রোববার দুপুরে তার মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে বাসার বাইরে যান। এ ফাঁকে নিতু বাসার পাশের একটি আম গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিতু’র মা বাসায় ফিরে এ দৃশ্য দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, আশানুরূপ ফলাফল না হওয়ায় নিতু আত্মহত্যা করেছে।