Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারে ৮ বছর বয়সী ভাতিজা তাজুল ইসলাম ওরফে তাজু মিয়াকে হত্যা মামলার একমাত্র আসামি চান মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (পিপি) কৃপাসিন্ধু দাশ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত চান মিয়া কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজা তাজুল ইসলামকে স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেন চান মিয়া। এ ঘটনায় ওই দিনই তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ ৯ বছর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চান মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.