সুনামগঞ্জ প্রতিনিধি | ০৯ নভেম্বর, ২০১৭
সুনামগঞ্জের তাহিরপুরে মামুন মিয়া (২৬) নামের এক যুবকের পায়ুপথে মদের বোতল ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত ওই যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল হান্নানের ছেলে। রোববার রাতে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বাজার এলাকার রাস্তায় এই ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় ওই যুবককে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে কাঁচের বোতল বের করা হয়েছে। তবে বুধবার সন্ধা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে জানিয়েছেন তার পরিবার।
জানা যায়, রোববার রাতে তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন যুবক মামুন মিয়া। পথে একদল মাতাল সংঘবদ্ধ হয়ে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে পায়ুপথে ভারতীয় অফিসার্স চয়েজ মদের কাঁচের বোতল ঢুকিয়ে দেয়। সংজ্ঞাহীন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ওই রাতেই আহত মামুনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে করার পর পায়ুপথে বোতল থাকার বিষয়টি নিশ্চিত হয়ে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাতে তাকে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সোমবার গভীর রাতে মামুনের তলপেটে অপারেশনের মাধ্যমে কাঁচের বোতল বের করা হয়।
আহত মামুনের পরিবার জানায়, একদল মাতাল তাকে হত্যার উদ্দেশ্যে পায়ুপথে মদের কাচের বোতল ঢুকিয়ে দিয়েছিল। অপারেশনের পর বোতল বের করে আনা হলেও শংকামুক্ত নয় তিনি।
তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্য তপন কান্তি দাস জানান, বুধবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।