নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর, ২০১৭
গোয়াইনঘাট থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত সালাউদ্দিন (২৮) ও আলিমুদ্দিন (২৫) গোয়াইনঘাটের খাজা ব্রিক ফিল্ডের পরিচালক ও পরষ্পরের সহোদর।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করে গোয়াইঘাট থানা পুলিশ।
এ নিয়ে পুলিশ ও ব্যবসায়ীরা পরষ্পর বিরোধী অভিযোগ করেছেন।
ব্রিকফিলল্ডের পরিচালক সালাউদ্দিন জানান, তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের তালতলা শাখা থেকে কিছু ঋণ নিয়েছিলেন। এ নিয়ে তাকে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ওই শাখার ডেকে নেওয়া হয়। দুপুরে তিনি ব্যংকে অবস্থানকালীন সময়েই ব্রিক ফিল্ডের কর্মচারীরা তাকে ফোনে জানান, তিনজন যুবক ব্রিকফিল্ডে গিয়ে নিজেদের শাহজালাল ইসলামি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ম্যানেজারের কাছে ব্রিক ফিল্ডের সকল নথিপত্র দেখতে চান।
সালাউদ্দিন বলেন, এসময় ম্যানেজার তাদের সকল কাগজপত্র দেখালে তারা সেগুলো নিয়ে রওয়ানা দেন। এতে বাধা দেন ব্রিক ফিল্ডের কর্মচারীরা। এক পর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে ব্রিকফিল্ড কর্মচারীদের বাকবিতণ্ডা দেখা দেয়।
কর্মচারীদের কাছ থেকে ফোন পেয়ে ঘন্টাখানেক পর ব্রিকফিল্ডের যান পরিচালক সহোদর সালাউদ্দিন ও আলিমুদ্দিন। এসময় তারা ওই তিনজনকে ব্রিকফিল্ডে বসে খাকতে দেখেন।
সালাউদ্দিন বলেন, ব্রিকফিল্ডে গিয়ে ওই তিন ব্যক্তির কাছে কাজগপত্র নিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে আমি ঘটনাটি র্যাব ও গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করি।
এর কিছুক্ষণ পরই গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ব্রিকফিল্ডে এসে ব্যাংক কর্মকর্তা পরিচয়দানকারী ৩ জনকেসহ আমি আমার ভাইকে ধরে নিয়ে যায়। তবে মাঝপথে আসার পরই ওই তিন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় ও আমাদের থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারেগোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, শাহজালাল ইসলামি ব্যাংক থেকে আমাদের ফোন করে জানানো হয় তাদের এক কর্মকর্তাকে খাজা ব্রিকফিল্ডের দুই পরিচালক মারধর করছে। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ ফোর্স পাঠিতে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার ও অভিযুক্তদের আটক করে তাদের থানায় রাখা হয়েছে। এখন সত্যতা যাচাই বাঁচাইয়ের পর পরর্বর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।