Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে তরুণী অপহরণ ও ধর্ষণ: তরুণের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৭

হবিগঞ্জে এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মাহবুবুল ইসলাম সুমন নামে এক তরুণের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ নভেম্বর) বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মাহবুবুল ইসলাম সুমন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের জাকির হোসেন ওরফে নানু মাস্টারের ছেলে। তবে ঘটনার পরথেকেই আসামী পলাতক রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি আবুল হাশিম মোল্লা মাসুম যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে থেকে জানা জায়, ২০১০ সালের ২ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় সুমন। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন রাতেই মেয়ের চাচাত ভাই বাদী হয়ে সুমন ও তার বাবা নানু মাস্টারের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।

পরে মামলাটির দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।  রোববার হবিগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.