Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে হত্যা মামলায় আটক যুবলীগ নেতার জামিন

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৩ নভেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথে হত্যা মামলায় অভিযুক্ত ও নির্যাতিত সেই যুবলীগ নেতা ইমরান আহমদ রিয়াদ জামিনে মুক্তি পেয়েছেন।

৬মাস ১৯দিন জেলে থাকার পর রোববার (১২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান।

তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও রামচন্দ্রপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম মুসলিম আলীর ছেলে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের আদালতে (ফৌজদারি মোকদ্দমা নং ১১৭৬) মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষণ শুনানি শেষে ইমরান আহমদ রিয়াদের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী সুশীল চন্দ্র দাস ও ইমরানের বড়ভাই আব্দুল হামিদ।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল শনিবার সকালে সিলেটের বিশ্বনাথের পাঠাকইন (রামচন্দ্রপুর) গ্রামের আইয়ুব আলীর বাড়ির সামনে থেকে ৩০বছর বয়সী এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ওইদিন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন, (মামলা নং ১১, বিশ্বনাথ জিআর নং ৬৫/১৭ইং)।

পরে এঘটনায় লাশের হাত ব্যাগে থাকা ছবির সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় থানার পার্শ্ববর্তী আল-মক্কা রেস্টুরেন্টের সামনে থেকে যুবলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের দুইদিন পর ২৪ এপ্রিল সোমবার বিকেলে রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এরপর ৩০ এপ্রিল আইনজীবীদের মাধ্যমে আদালতে গ্রেপ্তারকৃত ইমরান বিশ্বনাথ থানা হাজতে অমানবিক পুলিশি নির্যাতনের বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ ‘মে’ সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘কাকন দে’র আদালতে মামলাটির শুনানি শেষে তিন কার্যদিবসের মধ্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমেদ’কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে, ২২ মে’র দাখিলকৃত প্রতিবেদন তাদের বিরুদ্ধে দেওয়া হলে আদালতে নারাজি দেন আসামি পক্ষের আইনজীবী। ২৫ মে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘কাকন দে’র আদালতে পুনরায় শুনানি শেষে মামলাটি সিলেটের ইলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ‘পিবিআই’তে স্থানান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.