Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি  |  ২১ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল জেলার জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের শাহ নেওয়াজের ছেলে।

গত সোমবার (২০ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার মাধবকুণ্ড পর্যটন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে মাধবকুণ্ড পর্যটন এলাকার সাত তারা রেস্টুরেন্ট এলাকায় কৌশলে কিশোর ও যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি তারা থানা পুলিশে জানায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৩।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ইয়াবা ট্যাবলেটসহ একজনেক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে  বলেন, ‘গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’  



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.