Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে শয়নকক্ষ থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৭

গোয়াইনঘাটে পশ্চিম জাফলংয়ে নিজ শয়নকক্ষ থেকে সাথী আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চিতারাই গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে তার পরিবার। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত সাথী একই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ছিলো।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাথির শোবার ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান তার দেহ লায়লনের দড়িতে ঝুলছে। এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন সংবাদ শুনে তিনি সকাল সাড়ে ১০টায় দিকে এসআই জুনেদকে হাসপাতালে পাঠান। পরে সাথীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে সাথী আত্মহত্যা করেছেন বলেই সবাই প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এখন পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.