Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালক রোকন আহমদ (৩৫) এর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বইটিকর ও এওলাটিকর এলাকার মধ্যবর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের গলায় রশি পেছানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। রোকন আহমদ উপজেলার আমনিয়া পূর্ব পাড়া গ্রামের মৃত রমিজ আলী পুত্র।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিহত রোকন আহমদ ২১ নভেম্বর সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় গাড়ির মালিক লুকুছ মিয়া বুধবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১২২) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বইটিকর ও এওলাটিকর এলাকার মধ্যবর্তী স্থানে ওই সিএনজি চালকের লাশ দেখতে পেলে তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে দুর্বৃত্তরা তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে লাশ এই স্থানে ফেলে গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের লাশ উদ্ধারের সততা নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.