Sylhet Today 24 PRINT

১ ডিসেম্বর থেকে হবিগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৭

১ ডিসেম্বর থেকে হবিগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে হবিগঞ্জ পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হবে। স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে ১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একার্যক্রম চলবে।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ জানুয়ারি ১৯৯৯ সালে যাদের জন্ম ও ২০১৫ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদেরকে দেয়া হবে স্মার্ট কার্ড। ইতিমধ্যে সদর উপজেলা নির্বাচন অফিস স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, মাইকিং, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদ, মন্দিরে এই তথ্য প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ শেষ হলে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান, স্মার্ট কার্ড নিতে অবশ্যই ভোটারকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। একজনের কার্ড অন্যজন নিতে পারবেন না কারণ যিনি স্মার্ট কার্ড নিবেন তার ১০ আঙুলের ছাপ ও আইরিশ দিতে হবে। পুরাতন ভোটারদের আইডি কার্ড অথবা নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.