Sylhet Today 24 PRINT

ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জে ৬ নারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০১ ডিসেম্বর, ২০১৭

ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জে ৬ নারীকে আটক করা হয়েছে। শহরের আরডি হল এলাকা থেকে ৩০ নভেম্বর বিকেলে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় ইজিবাইকে যাওয়ার সময় এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় অপর আরেক মহিলা ছিনতাইকারী। ওই সময় জনৈক ওই মহিলার চিৎকার শোনে আশে পাশের লোকজন এগিয়ে এসে তানজিয়া নামের এক মহিলা ছিনতাইকারীকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক একই সিন্ডিকেটে থাকা আরো পাঁচ নারী ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

আটক ছয় নারী হলেন- লাখাই উপজেলার বড় বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী শারমিন আক্তার (৩০), একই এলাকার সুমন মিয়ার স্ত্রী তানজিয়া আক্তার (৩৫), মৌলভীবাজার জেলার কালেঙ্গা গ্রামের কামাল মিয়ার স্ত্রী রাহিলা খাতুন (৪০), মৌলভীবাজার সদরের মোহাম্মদ আলীর স্ত্রী মুন্নি আক্তার (২৫), সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার ছায়েদ আলীর স্ত্রী পারুল বিবি (৪৫) ও অলিপুর এলাকার জয়নাল মিয়ার স্ত্রী মরিয়ম বিবি (৪০)।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.