Sylhet Today 24 PRINT

নাটোর থেকে নিখোঁজ খ্রিষ্টান ধর্মযাজককে সিলেট থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৭

নাটোর থেকে থেকে নিঁখোজ হওয়া খ্রিষ্টান ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) কে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের শ্যামলি বাস কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, উদ্ধারের পর উইলিয়াম রোজারিওকে নিয়ে ঢাকায় রওয়ানা করেছে পুলিশ। সেখানে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।

উদ্ধারের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আব্দুল ওয়াহাব কোনো মন্তব্য করতে রাজী হননি।
 
তবে ধর্মযাজকের বরাত দিয়ে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ২৭ নভেম্বর নাটোর থেকে নিখোঁজ হওয়ার পর তাকে ধোয়া জাতীয় কিছু একটা দিয়ে অজ্ঞান করে একটি বাসায় বন্দি করে রাখে। শুক্রবার বিকেলে কৌশলে ওই বাসা থেকে পালিয়ে অটোরিকশাযোগে কদমতলী বাস টার্মিনালে আসেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ বিকেল ৪টায় বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করে।

য়াল্টার উইলিয়াম রোজারিও নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত।

উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লিতে ফেরার উদ্দেশে রওনা দেওয়ার পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।  উইলিয়াম বনপাড়া পৌর শহরের মিশন পাড়া এলাকার মৃত সিলভেস্টার রোজারিওর ছেলে। তাঁর বাড়ি জঙ্গি হামলায় নিহত সুনীল গোমেজের বাড়ি থেকে মাত্র এক শ গজ পশ্চিমে।

নিখোঁজের পর ওয়াল্টারের বড় ভাই ব্যবসায়ী প্রেমল রোজারিও জানিয়েছিলেন, বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের জন্য কিছু কাজ শেষে তিনি বিকেলে জোনাইলের উদ্দেশে তাঁর ব্যবহৃত ১২৫ সিসি মোটরসাইকেল করে রওনা দেন। রাত আটটার দিকে ওই ধর্মপল্লির প্রধান পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরিফিকেশন তাঁর ফিরে না আসার সংবাদ জানান। পরে আত্মীয়স্বজনেরা হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পর তাঁকে খুঁজে না পেয়ে থানা-পুলিশ, জেলা ডিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.