Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে প্লাস্টিক সামগ্রীর দোকানে আগুন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে একটি ভবনের দুতলায় প্লাস্টিক সামগ্রীর একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, দোকানে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯ টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারের একটি ভবনের দুইতলায় আরএফএল প্লাস্টিকের শোরুমে হঠাৎ আগুন লাগে। প্রথমে তারা নিজের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সিলেট আলমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের।

এদিকে আগুন লাগার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.