হবিগঞ্জ প্রতিনিধি | ০৬ ডিসেম্বর, ২০১৭
আজ ৬ ডিসেম্বর, হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহীনির কবল থেকে মুক্ত হয় হবিগঞ্জ। এ দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সকাল থেকে শহীদবেদী ও হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া ডাকবাংলো থেকে সারা দেশকে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর বিভক্ত করা হয়। ৩নং সেক্টরের দায়িত্ব পালন করেন তৎকালীন মেজর শফিউল্লাহ। শফিউল্লাহর নেতৃত্বে হবিগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী জেলা শহরের কাছাকাছি এসে পাক সেনাদের উপড় তিন দিক থেকে আক্রমণ করে। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা আত্মসমর্পণ করে। পরে মুক্তিযোদ্ধারা এসডিও অফিস, হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডসহ বিভিন্ন জায়গায় বিজয় পতাকা উত্তোলন করেন।