বাহুবল প্রতিনিধি | ০৬ ডিসেম্বর, ২০১৭
হবিগঞ্জের বাহুবলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন, বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করে।
গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে কেয়া চৌধুরীর একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এরপর গত ১৮ নভেম্বর বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মো. তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪/১৫ জনের বিরুদ্ধে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার, সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ কয়েকজন আহত হন।
গাড়িচালক জসিম উদ্দিনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।