Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সংঘর্ষ : আ. লীগ সাধারণ সম্পাদকসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাথর কোয়ারির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় আ.লীগ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান আসামী করে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, বুধবার দুপুরে নিহত হোসাইন আহমদের (৪০) ভাই দরবন্ত মোহাইল গ্রামের আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর থানায় এ মামলা দায়ের করেন।

জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে রোববার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে হোসাইন আহমদ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হন। আহত হয় আরও ২০ জন।

ওসি বলেন, “মামলায় ৭৭ জনকে আসামি করা হয়েছে; যার মধ্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রধান আসামি।”

পুলিশ তিন আসামিসহ নয় জনকে আটক করেছে। এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীরা হল হোসেন আহমদ, রাজু সিং, আব্দুল মতিন উরফে বাঘের ডিম মতিন। সন্দেহভাজন গ্রেফতারকৃত আসামীরা হল আব্দুস ছামাদ, সোহাগ মিয়া, রুকন মিয়া, আব্দুস শুকুর, জাহাঙ্গীর আলম, শামীম মিয়া।

বাকি আসামিদের গ্রেপ্তারে তারা অভিযান চালাচ্ছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.