Sylhet Today 24 PRINT

বড়লেখায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি  |  ০৭ ডিসেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা অবস্থায় স্মৃতি রানি দাস (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্মৃতি রানি দাসের কক্ষে গলা কাটা অবস্থায় তাঁকে পাওয়া গেছে। স্মৃতি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের হরিনবদি গ্রামের বিধু ভূষণ দাসের স্ত্রী। বিধু ভূষণ পেশায় কাঠমিস্ত্রি। তাদের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্মৃতির স্বামী বিধু ভূষণ দাস কাজের জন্য বাইরে বের হন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতি রানি দাসকে তাঁর কক্ষে গলা কাটা অবস্থায় পরিবারের লোকজন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় স্মৃতির লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ধারালো অস্ত্রে তার গলা কেটেছে। পরিবারের লোকজন বলছেন সে (স্মৃতি রানি) নিজেই দা দিয়ে গলা কেটেছে। কিন্তু বিষয়টি সন্দেহযুক্ত। আমরা তদন্ত করছি। তদন্তে যা বেরিয়ে আসবে। তাই হবে। এখনো মামলা হয়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.